জাতীয়

জঙ্গল সলিমপুরে RAB ক্যাম্পে অস্ত্রধারীদের হামলা ; যৌথ বাহিনীর অভিযান চলমান

 জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে আজ ভোররাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা একযোগে পরিকল্পিত  হামলা চালিয়েছে। 

সোমবার (২৫ মে) রাত ২টার দিকে চারদিক থেকে গুলিবর্ষণ শুরু করে হামলাকারীরা। র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালান। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় অব্যাহত থাকে।

'সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাতের অন্ধকারে ক্যাম্পে হামলা চালায়। আমরা নন-লিথাল অস্ত্র ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলি। পরে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।” হামলার খবর নিশ্চিত করে এমনটাই বলেছেন র‍্যাব–৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান। 

অভিযান শেষে এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে জঙ্গল সলিমপুর । সরকারি খাসজমি হওয়ায় এলাকাটিতে কারাগার, আইটি পার্ক নির্মাণসহ ১১টি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল। হাতছাড়া  জমি পুনরুদ্ধার করতে না পারায় এসব প্রকল্প বাস্তবায়ন হয়নি৷ 

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গত ১৯ জানুয়ারি সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

যাকে গ্রেপ্তার নিশ্চিত করতে টিমটি গিয়েছিল, তিনি একাধিক মামলার গুরুত্বপূর্ণ আসামি এবং অস্ত্র লেনদেন চক্রের সঙ্গে যুক্ত। পুলিশ ও র‍্যাব সূত্র জানায়, হামলাকারীদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, পাহাড়ি দখল গোষ্ঠী এবং অস্ত্র বেচাকেনার সঙ্গে যুক্ত কয়েকজন থাকতে পারে।

মতামত দিন