তবে কি অবসান ঘটতে চলেছে যুক্তরাষ্ট্র- ইরান যুদ্ধের
ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন, একজন পাকিস্তানি মধ্যস্থতাকারী, উপসাগরীয় মিত্র এবং ইসরায়েলের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি স্থাপন হতে যাচ্ছে যা এই যুদ্ধের অবসানের পথকে প্রশস্ত করতে সক্ষম।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন , একটি “সমঝোতা স্মারকের” “চূড়ান্ত দিক ও বিবরণ” নিয়ে এখনও আলোচনা চলছে এবং “শীঘ্রই তা ঘোষণা করা হবে”, তবে তিনি আরো বলেছেন এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে।
ট্রাম্প পোস্ট করেছেন, “যুক্তরাষ্ট্র, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং অন্যান্য বিভিন্ন দেশের মধ্যে চূড়ান্তকরণের অপেক্ষায় একটি চুক্তি মূলত আলোচিত হয়েছে।”
বার্তাসংস্থা রয়টার্সের সূত্রে জানা যায় , ইরান ও পাকিস্তান যুদ্ধ শেষ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে একটি সংশোধিত প্রস্তাব জমা দিয়েছে।
পাকিস্তানের নেতৃত্বাধীন মধ্যস্থতা প্রচেষ্টা সম্পর্কে সরাসরি অবগত একজন আঞ্চলিক কর্মকর্তা শনিবার প্রেসকে আগেভাগে জানায়, সম্ভাব্য এই চুক্তিতে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই মাসব্যাপী আলোচনা, ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়া এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
এই ঘোষণার আগে থেকেই ইঙ্গিত ছিল যে, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অগ্রসর হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরকালে বলেন যে, “আজ পরে” “খবর” আসতে পারে, যদিও তখনও ট্রাম্প ইরানের ওপর হামলা চালানোর হুমকি অব্যাহত রেখেছিলেন।
নিজের পোস্টে ট্রাম্প বলেছেন যে, তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের অনেক নেতার পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও ফোনে আলোচনা করেছেন। তিনি বলেন, “আলাদাভাবে, আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছি, যা একইভাবে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে,” ।
ঠিক কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও অপ্রতুল। ট্রাম্প শনিবার বলেছেন, তিনি সর্বশেষ দফার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করতে বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনারসহ আমেরিকান আলোচকদের এবং জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন।
তবে ঘোষণার আগের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল, এবং ট্রাম্প হামলার হুমকি অব্যাহত রেখেছিলেন।
ট্রাম্প সিবিএস এবং অ্যাক্সিওসকে বলেছিলেন যে তিনি কেবল এমন একটি চুক্তিতে স্বাক্ষর করবেন “যেখানে আমরা আমাদের চাওয়া সবকিছু পাব”, এবং যোগ করেন যে যদি কোনো চুক্তি না হয়, তবে যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা শুরু করবে।
ড্রপ সাইট নিউজ শুক্রবার গভীর রাতে জানায়, মধ্যস্থতাকারীদের কাছে ইরানের জমা দেওয়া সর্বশেষ প্রস্তাবে হরমুজ প্রণালী সাময়িকভাবে পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়া, ইরানের জব্দকৃত শত শত কোটি ডলারের সম্পদ ছেড়ে দেওয়া এবং যুদ্ধের সময় হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়েছে।
ড্রপ সাইটের সূত্র অনুসারে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তি আলোচনার আগে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার বিষয়টি ইরানের প্রস্তাবে অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্প তার পোস্টে যে স্মারকলিপির কথা উল্লেখ করেছেন, তাতে এই বিষয়গুলোর মধ্যে কয়টি অন্তর্ভুক্ত ছিল তা স্পষ্ট নয়।
মতামত দিন